আতশবাজির কারখানায় বিস্ফোরণ: বিস্ফোরক আইন ও হত্যার অভিযোগে ২ মামলা

নান্দাইলে আতশবাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেছে দুই নারীর
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইলে আতশবাজির কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। একটি মামলা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে, অপরটি হত্যা মামলা। দুটি মামলায়ই কারখানার মালিকসহ চারজনকে আসামি করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ছয়টার দিকে নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামে অবস্থিত ওই আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। যে আধা পাকা ঘরটিতে কারখানা ছিল, বিস্ফোরণে সেটি প্রায় বিধ্বস্ত হয়ে যায়। ওই ঘরের একটি কক্ষে আপিলা খাতুন (৫০) ও নাছিমা খাতুন (৩০) নামের দুজন শ্রমিক আতশবাজির খোসায় বারুদ (বিস্ফোরক) ভরার কাজ করছিলেন। বিস্ফোরণে ওই দুই নারী ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। আকাশে বিজলি চমকাচ্ছিল। এ রকম আবহাওয়ার সুযোগ নিয়ে বিস্ফোরণের পর কারখানার মালিক মো. বোরহান উদ্দিন ও তাঁর লোকজন ঘরটিতে বজ্রপাত হয়েছিল বলে প্রচারণা চালান। কিন্তু ধ্বংসযজ্ঞ এতটাই বেশি ছিল যে ওই প্রচারণা হালে পানি পায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ধ্বংসস্তূপ সরিয়ে দুই নারীর লাশ উদ্ধার করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। একটি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্য মামলাটি ৩০২/৩৪ ধারায় হত্যার অভিযাগে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, অবৈধ আতশবাজির কারখানাটির কথা পুলিশের জানা ছিল না। গ্রাম পুলিশের সদস্যরা এ বিষয়ে থানায় কোনো তথ্য দেননি। এলাকাবাসীও পুলিশকে জানায়নি।

জাতীয় দিবসের তোপধ্বনির জন্য ওই কারখানা থেকে তোপ বা আতশবাজি সংগ্রহ করা হতো বলে যে অভিযোগ পাওয়া গেছে, সে প্রসঙ্গে ওসি মিজানুর রহমান বলেন, সেখান থেকে তাঁরা কখনো তোপ বা আতশবাজি সংগ্রহ করেননি।