
চট্টগ্রামের আনোয়ারায় বাড়ির পাশে সবজিখেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. সাকিব (২৫)। তিনি বরুমচড়া এলাকার দরফ আলীর ছেলে। সাকিব আনোয়ারা সদরের একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করতেন।
নিহত যুবকের পারিবারিক সূত্র জানায়, গতকাল রোববার রাত আটটার পর ঘর থেকে বের হন সাকিব। ওই সময় তিনি ঘরে মুঠোফোন রেখে যান। পরিবারের লোকজন মনে করেন, সাকিব নৈশকালীন দায়িত্ব পালন করতে কারখানায় গেছেন। কিন্তু সোমবার দিনভর ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে সন্ধ্যায় ঘরের সামান্য দূরে একটি সবজিখেতে সাকিবের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন প্রতিবেশীরা। রাত আটটার সময় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সাকিবের বড় ভাই মো. ইয়াসিন বলেন, ‘রোববার আমি মাকে নিয়ে পটিয়ায় ডাক্তারের কাছে যাই। ঘরে এসে সাকিবকে না পেয়ে মনে করি সে চাকরিতে গেছে। কিন্তু এক দিন পর তার লাশ পেলাম।’
ইয়াসিন আরও বলেন, ‘লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি আমরা। কিছু কালো দাগও ছিল।’
জানতে চাইলে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।