আবারও ঘর, ঘের হারানোর শঙ্কায় সাতক্ষীরাবাসী

ঘূর্ণিঝড়ের শঙ্কায় সংস্কার করা হচ্ছে বেড়িবাঁধ। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লেবুনিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ক্ষতির আশঙ্কায় সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তিন দিন আগে থেকেই এসব বেড়িবাঁধ মেরামত করা হচ্ছে। কিন্তু জেলার উপকূলীয় এলাকার বাসিন্দারা আবারও তাদের ঘর, মাছ, চিংড়ির ঘের হারানোর শঙ্কায় আছেন।

বিশেষ করে জেলার শ্যামনগর, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার ১৩ ইউনিয়নের মানুষ বেশি ক্ষতির শঙ্কায় আছেন। এর আগে ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের ধকল কাটিয়ে কয়েক মাস আগে তাঁরা ঘর, ঘের গুছিয়ে নিয়েছেন।

২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান ও গত বছরের ২৫ মে ইয়াস এই ৩ উপজেলায় আঘাত হানে। এতে বেড়িবাঁধ ভেঙে দেড় লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। মাছের ঘের ভেসে যায়। ক্ষতিগ্রস্ত হয় ফসলের মাঠ। এখনো অনেকে তাঁদের বসতভিটায় ফিরতে পারেননি।

সরেজমিন আশাশুনির বলাবাড়িয়া ও দয়ারঘাট এলাকায় দেখে যায়, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আবার কোথাও খননযন্ত্র দিয়ে মাটি ফেলা হচ্ছে বাঁধে। একইভাবে শ্যামনগরের গাবুরা ও গাঁকড়ামারি এলাকার বাঁধে মাটি ফেলা হচ্ছে।

আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের বাসিন্দা নফর আলী গাজী (৬৫) ও ইদ্রিস ঢালী জানান, ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের সময় খোলপেটুয়া নদীর পানিতে বাড়িঘর ও মাছের ঘের তলিয়ে যায়। গৃহহীন ছিলেন দীর্ঘদিন। ছয় মাস আগে ভিটায় ফিরে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছেন। মাছের পোনা ছেড়েছেন ঘেরে। এ অবস্থায় যদি ঘূর্ণিঝড় অশনি আঘাত হানে, তাহলে তাঁদের গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া উপায় থাকবে না।

নফর ও ইদ্রিস আলী জানান, কুড়িকাউনিয়া খেয়াঘাটের পাশের বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি হলেই বাঁধ ভেঙে লোকালয় তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে।

শ্যামনগরের গাবুরা গ্রামের নূর নাহার (৫০) ও হাসনা বানু (৫৫) জানান, ঘূর্ণিঝড় হলেই তা দ্বীপ ইউনিয়ন গাবুরায় আঘাত হানে। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে কিংবা পানি উপচে ঘরবাড়ি তলিয়ে যায়। এবার গাবুরার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা হচ্ছে। কিন্তু এরপরও তাঁদের ক্ষতির শঙ্কা কাটছে না।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, তাঁদের আওতায় ২ কিলোমিটার বাঁধের ১০টি স্থান ঝুঁকিপূর্ণ। এসব স্থানে কাজ করা হচ্ছে। সমস্যা হওয়ার কথা নয়।