
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চককির্তি ইউনিয়নের আখিরা গ্রামে দুজন ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত তিনজন হলেন আখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) ও একই গ্রামের মৃত মো. জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৫০) এবং বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের ইরফান আলীর স্ত্রী সেমী আরা বেগম (৪২)।
চককির্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল হাসান প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে মেরিনা বেগম ও তাঁর প্রতিবেশী খাইরুল ইসলাম বাড়ির পাশে আম কুড়াতে বের হন। এ সময় বজ্রপাতে তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার এক ঘণ্টা পর সকাল সাতটার দিকে আম কুড়াতে বের হয়ে সেমী আরা বেগমও নিহত হন।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন, নিয়মানুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তিন পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।