
মানিকগঞ্জের আরিচা ঘাটে লাইফ জ্যাকেট না থাকায় এক স্পিডবোটের মালিককে ২ হাজার ৪০০ টাকা এবং অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এক লঞ্চের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ফরিদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম বিভিন্ন নির্দেশেনা দিয়েছেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌপথে নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন। যাত্রীদের নৌযাত্রা নিরাপদ করতে আজ সকাল থেকে নৌ পুলিশ এবং নৌপরিবহন অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।
পাটুরিয়া ঘাটে পরিদর্শনে থাকা নৌ পুলিশের পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, পাটুরিয়া ও দৌলতদিয়া এবং আরিচা ও কাজীরহাট ঘাটে নৌ পুলিশের পক্ষ থেকে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে। লঞ্চ ও ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদে পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক নৌ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহন নিষেধ এবং যাত্রীদের সচেতনতায় ঘাট এলাকাগুলোতে মাইকিং করা হচ্ছে।