আরেকটি পঁচাত্তর ঘটানোর হুমকি দিচ্ছে খুনিদের দোসররা: দীপু মনি

আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দীপু মনি। শনিবার কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে
ছবি: প্রথম আলো

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, সব বাধাবিপত্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র অতিক্রম করে পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে ২৫ জুন। উন্নয়নের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে পঁচাত্তরের (১৯৭৫) খুনিদের দোসররা আরেকটি পঁচাত্তর ঘটানোর হুমকি দিচ্ছে।

দীপু মনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ চায় উন্নত-সমৃদ্ধ-প্রগতিশীল বাংলাদেশ।

শনিবার বিকেলে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক হল ময়দান) জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দীপু মনি। সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন। শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন সদ্য স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, তখনই খুনিরা পঁচাত্তরের ১৫ আগস্টে হত্যাকাণ্ড ঘটায়। শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এমন সময় বিএনপিসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের অগ্রযাত্রাকে ঠেকানোর মানসে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য আরও দেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা বদিউল আলম সিকদার, রনজিত দাশ প্রমুখ।