কুমিল্লা সিটি নির্বাচন

আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাসুদ সরে দাঁড়াবেন কি না, জানাবেন ২৬ মে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুদ পারভেজ খান
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ওরফে ইমরানকে নিয়ে বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ ও তাঁর বোন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। মাসুদ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আফজল খানের বড় ছেলে তিনি। আঞ্জুম সুলতানা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, ‘ইমরান (মাসুদ পারভেজ খান) রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর কর্মী–সমর্থক আছে। সে জন্য তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। আমাদের সঙ্গে বেঠকে দলীয় প্রধানের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। ২৬ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ইমরান ও তাঁর বোন আঞ্জুম সুলতানার কথা আমরা শুনেছি। ভবিষ্যতে সেগুলো বিবেচনা করা হবে।’

তবে মাসুদ পারভেজ খান মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, সভায় কেন্দ্রীয় নেতাদেরকে নির্বাচন করার প্রেক্ষাপট জানিয়েছেন। তাঁরা তাঁদের কথা বলেছেন। তিনি নির্বাচনে থাকবেন নাকি সরে দাঁড়াবেন, তা ২৬ মে জানাবেন। এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

২৬ মে বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরশেন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৫ জুন।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মাসুদ পারভেজসহ ১৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। মেয়র পদে দলীয় মনোনয়ন পান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত। দলীয় মনোনয়ন না পেয়ে মাসুদ স্বতন্ত্র প্রার্থী হন। এরপর দলে অস্থিরতা দেখা দেয়।

এর মধ্যে মাসুদের বোন আঞ্জুম সুলতানা দলীয় নেতা-কর্মীদের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন। এ অবস্থায় দলের মধ্যে নানা ধরনের আলোচনা–সমালোচনা শুরু হয়। এ অবস্থায় সোমবার সন্ধ্যায় আঞ্জুম সুলতানা ও মাসুদকে দলের শীর্ষ পর্যায় থেকে ঢাকায় তলব করা হয়। মঙ্গলবার তাঁদের নিয়ে সভা হয়। সভায় মাসুদ ও আঞ্জুম তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

সভা শেষে তাঁরা ওবায়দুল কাদের ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে ছবিও তোলেন। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কুমিল্লায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, মাসুদ নির্বাচন করবেন কি না।