কুমিল্লা সিটি নির্বাচন

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মনিরুলের

কুমিল্লা সিটি করপোরেশন
ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হকের বিরুদ্ধে বহিরাগত লোকজন এনে জনসমাগম এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে শিক্ষক ও ইমামদের প্রচারণায় নামানোর অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক।

শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে ভিন্ন দুটি চিঠি দিয়ে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন তিনি। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এক চিঠিতে মনিরুল হক অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন সিটি করপোরেশনের আওতাধীন ও সংলগ্ন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও মসজিদের ইমামদের নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিতে নির্দেশ দিয়েছেন। এরপর শিক্ষক ও ইমামেরা প্রচারণায় অংশ নিয়েছেন, যা আচরণবিধির লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। আমি নির্বাচনী প্রচারণায় অংশই নিই না।’

আরেক চিঠিতে মনিরুল হক উল্লেখ করেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের নির্দেশে সিটি করপোরেশনের বাইরের এলাকার জনপ্রতিনিধি, দলীয় কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাগম, মিছিল ও শোডাউন করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক ওরফে রিফাত বলেন, নৌকার পক্ষে গণজোয়ার দেখে অসত্য অভিযোগ করা হচ্ছে।

অভিযোগকারী স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক বলেন, ‘অভিযোগগুলো যাচাই করে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি।’