বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউপি নির্বাচন

আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ-সড়ক অবরোধ

বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। রোববার দুপুরে চর-ছয়আনি এলাকায়
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দলের ইউনিয়ন কমিটির একাংশের নেতা–কর্মীরা।

এ সময় তাঁরা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেন। আজ রোববার দুপুরে উপজেলার চর-ছয়আনী এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।

উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, গত ১০ মার্চ স্থানীয় সংসদ সদস্য এ বি তাজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের উপস্থিতিতে উপজেলা সদরের মিলনায়তনে আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নে ভোট নেওয়া হয়। সেখানে সাতজন চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীকে ভোট দেন ওয়ার্ড আওয়ামী লীগের ৫২৮ জন নেতা। এতে ১১৬ ভোট পান ইউনিয়ন যুবলীগের লীগের সভাপতি সাহিদুর রহমান ওরফে স্বপন, ১১৪ ভোট পান বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, তৃতীয় হন উপজেলা যুবলীগের সদস্য মো. শিপন মিয়া। উপজেলা আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়নের জন্য তিনজনের নাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাঠায়। এরপর জেলা আওয়ামী লীগ এ তালিকা কেন্দ্রের কাছে পাঠায়। গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগ তৃণমূলের ভোটে দ্বিতীয় হওয়া মো. নজরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

স্থানীয় ব্যক্তিরা জানান, আজ দুপুর ১২টার দিকে আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতা–কর্মীরা উপজেলার ঢাকা-বাঞ্ছারামপুর সড়কের চর-ছয়আনী গ্রামে জড়ো হন। সেখানে তাঁরা নজরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষোভ ও সড়ক অবরোধকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান, আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ সওদাগর ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ হোসেন, সহদপ্তর সম্পাদক আবদুর রহিম মেম্বার, সদস্য কবির হোসেন, নজরুল ইসলাম, আইয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নজরুল ইসলাম টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন এনেছেন। তৃণমূলের ভোটে প্রথম হওয়া সাহিদুর রহমানকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।

এর আগে গত শনিবার ইউনিয়ন যুবলীগের লীগের সভাপতি সাহিদুর রহমানের পক্ষে বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত একই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

আইয়ুবপুর ইউনিয়ন যুবলীগের লীগের সভাপতি সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সংসদ সদস্য গোপন ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করেছেন। এতে আমি প্রথম হয়েছি। উপজেলা আওয়ামী লীগ তিনজনের নাম জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে। জেলা থেকে আমার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তৃণমূল, উপজেলা ও জেলা আওয়ামী লীগের মতামতকে উপেক্ষা করে ওই প্রার্থী পেছনের দরজা দিয়ে টাকা দিয়ে মনোনয়ন নিয়ে এসেছেন।’

নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া আইয়ুব ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি পরপর দুবারের নির্বাচিত চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছে।’

বিক্ষোভ ও টাকার প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নের ১০ গ্রামের মধ্যে শুধু একটি গ্রামের লোকজন আজ বিক্ষোভ করেছেন। তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় এ মিথ্যা অভিযোগ তুলেছেন।

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। আগামী ১৫ জুন এই ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।