আলো ছড়াচ্ছে পাঠাগারটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যকার সেলিম আল দীনের নামে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়।

টাঙ্গাইলের সখীপুরের কচুয়া গ্রামে সেলিম আল দীন পাঠাগার
ছবি: প্রথম আলো

বইবান্ধব সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে সেলিম আল দীনের নামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এর অবস্থান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যকার সেলিম আল দীনের একজন ছাত্র সাংবাদিক হারুন রশীদ তাঁর গুরুর নামে বাড়ির পাশে পাঠাগারটি প্রতিষ্ঠা করেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব-উত্তরে কচুয়া বাজার। বাজার থেকেও এক কিলোমিটার পশ্চিমে পাঠাগারটির অবস্থান। পাঠাগারের পাশ দিয়েই গ্রামীণ পাকা সড়ক। তিন পাশেই রয়েছে ফসলের খেত। আরও আছে খেলার মাঠ, চা-কফির দোকানসহ পাঠকদের জন্য নানা সুবিধা। রবীন্দ্র রচনাবলিসহ পাঠাগারে রয়েছে গল্প, উপন্যাস, কবিতা, সাময়িকীসহ কয়েক হাজার বই। পাঠক যাতে সমসাময়িক বিষয়ে সম্যক ধারণা পেতে পারেন এ জন্য দেশ-বিদেশের খবরাখবর, অনুষ্ঠানাদি দেখার জন্য পাঠাগারে আছে টেলিভিশন। সম্পূর্ণ বিনা খরচে পাঠক এখানে বই পড়তে পারবেন। এমনকি বাড়িতে নিয়েও বই পড়া যাবে। শর্ত হচ্ছে, বাড়িতে নেওয়া বইটি এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক হারুন রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে একটি কালচারাল ইউনিভার্সিটি গড়ে তুলব। এরই অংশ হিসেবে একটি সাংস্কৃতিক বলয় সৃষ্টি করতে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। যাঁর নামে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে, তিনি এ গ্রামে এসেছেন, থেকেছেন। এ এলাকার ক্ষুদ্র জাতিসত্তা মান্দাই জাতিগোষ্ঠী নিয়ে বনপাংশুল নামে নাটক লিখেছেন। আমরা পাঠাগারের মাধ্যমে তাঁর সেই স্মৃতি ধরে রাখতে চাই।’

হারুন রশীদ আরও বলেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে নতুন প্রজন্ম মুঠোফোন ও ফেসবুকমুখী হচ্ছে। সেসব কিশোর-কিশোরী ও তরুণকে বইমুখী করার চ্যালেঞ্জ নিয়েই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে একটি শিশুপার্কও প্রতিষ্ঠা করা হবে। পাঠাগার থেকে মেধাবৃত্তি, শিশু-কিশোর, পাঠকের লেখা নিয়ে রোদ্দুর নামে সাহিত্য পত্রিকা প্রকাশসহ নানামুখী সৃজনশীল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে হলে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের বিকল্প নেই।’