পিরোজপুরের কাউখালী

আশ্রয়ণের নিরক্ষর মানুষের জন্য ইউএনওর নৈশস্কুল

সপ্তাহে পাঁচ দিন নৈশবিদ্যালয়ে এসে অনেকে নাম লেখা শিখেছেন। কেউ কেউ বর্ণমালার সঙ্গে পরিচিত হয়ে লিখতে ও পড়তেও পারছেন।

নৈশ বিদ্যালয়ে উপস্থিত নানা বয়সী মানুষ। গত বৃহস্পতিবার রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালঝুড়ি আবাসন প্রকল্প এলাকায়
ছবি: প্রথম আলো

১০৯টি ভূমিহীন পরিবারের ঠাঁই হয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালঝুড়ি আশ্রয়ণ প্রকল্পে। এসব পরিবারের বেশির ভাগ সদস্য নিরক্ষর। তাঁদের অক্ষরজ্ঞানসম্পন্ন করে তুলতে একটি নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সপ্তাহে পাঁচ দিন সেখানে পাঠ নিয়ে অনেকে নিজের নাম লেখা শিখেছেন। কেউ কেউ বর্ণমালার সঙ্গে পরিচিত হয়ে লিখতে ও পড়তেও পারছেন।

গত ১১ মার্চ রাতে কাউখালীর ইউএনও মোসা. খালেদা খাতুন নৈশবিদ্যালয়টির উদ্বোধন করেন। এরপর থেকে মো. আহসান কবির নামের এক কর্মজীবী যুবক অবৈতনিক শিক্ষক হিসেবে নিরক্ষর মানুষদের পড়াশোনা করাচ্ছেন। সেখানে আশ্রয়ণ প্রকল্পের শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত আসছেন। ইউএনও মাঝেমধ্যে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য, শিক্ষাসহ নানা বিষয়ে আলোচনা করেন।

অবৈতনিক শিক্ষক মো. আহসান কবির পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী। অফিস শেষে তিনি আবাসনের নৈশবিদ্যালয়ে পাঠদান করেন। আহসান বলেন, সপ্তাহের পাঁচ দিন সন্ধ্যার পর এক থেকে দেড় ঘণ্টা নৈশবিদ্যালয়ে পাঠদান করা হয়। আশ্রয়ণে বসবাস করা পরিবারগুলোর বেশির ভাগ মানুষ নিরক্ষর ছিলেন। শুরুতে উপস্থিতি বেশি ছিল। বর্তমানে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন নৈশবিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন। বয়স্কদের পাশাপাশি শিশুরাও আসে।

মো. আহসান কবির আরও বলেন, নৈশবিদ্যালয়ের শুরুতে ৬০ থেকে ৭০ জন উপস্থিত থাকতেন। গত কয়েক মাসে অনেকেই নিজের নাম লেখা শিখে গেছেন। সাক্ষরজ্ঞান হওয়ার পর কেউ কেউ আসছেন না। আবার এমন বয়স্ক মানুষ আছেন যাঁরা বর্ণমালা শেখার পর এখন বানান করে পড়ার চেষ্টা করছেন।

আবাসনের বাসিন্দা শিউলী বেগম (৫২) বলেন, ‘নৈশবিদ্যালয়ের শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত ক্লাসে আসছি। নাম লিখতে শিখেছি। এখন বানান করে লেখা পড়তে পারি। শৈশবে পড়াশোনা করার সুযোগ পাইনি। আবাসনে আসার পর পড়াশোনার সুযোগ পাওয়ায় আমি খুশি।’

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ বলেন, বর্তমান যুগে মানুষের অন্তত বর্ণমালার সঙ্গে পরিচয়, সাক্ষরজ্ঞানসহ লেখাপড়ার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। ইউএনওর প্রশংসনীয় উদ্যোগটি অনুকরণীয় হয়ে থাকবে।

গত বছরের ডিসেম্বরে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ভূমিহীন মানুষদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। ইউএনও খালেদা খাতুন বলেন, তিনি ঘর বরাদ্দ দেওয়ার সময় দেখলেন, অনেকে স্বাক্ষর দিতে জানেন না। এরপর নৈশবিদ্যালয় করার পরিকল্পনাটি মাথায় আসে। নৈশবিদ্যালয়ে পারিবারিক, সামাজিক, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য, আক্ষরিক জ্ঞান এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। একজন অবৈতনিক শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করেন। পাশাপাশি তিনি নিজেও মাঝেমধ্যে সেখানে পাঠদানসহ শিক্ষা, স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসাসহ সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।