আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলায় ৪ পুলিশ আহত

নরসিংদীর রায়পুরায় এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় লোকজনের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন দুজন। আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুরার চরাঞ্চল নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন (৪৫), নায়েব বাবলু আলী (২৯), কনস্টেবল তৌফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে চরাঞ্চল নীলক্ষা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল মানুষ ক্ষিপ্ত হয়ে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যের ওপর হামলা চালান। এ ঘটনায় রায়পুরা পুলিশের চারজন আহত হয়ে এখন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ওই এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।