
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শ্রমিকের নাম আশেকে মোস্তফা (২২)। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ব্রাহ্মন্দী মনোহরদী এলাকার স্থানীয় এক সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মোস্তফা ওই এলাকার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ময়মনসিংহ সদর থানার সিরতা গ্রামের মো. নবী হোসেনের ছেলে। মোস্তফার ব্যবহৃত মুঠোফোন ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মোস্তফার পিঠে চারটি জখমের চিহ্নও পাওয়া গেছে। আড়াইহাজার থানার একটি সূত্র প্রথম আলোকে জানায়, এই এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। কোনো ডাকাত দলের হাতে মোস্তফা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মোস্তফার সহকর্মী রবিন বলেন, মোস্তফা গতকাল রাত ১০টায় কারখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এর কিছুক্ষণ পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মোস্তফার পরিবারের লোকজন পুলিশকে জানালে ব্রাহ্মন্দী মনোহরদী এলাকার স্থানীয় একটি সড়কের পাশ থেকে মোস্তফার লাশ উদ্ধার করে পুলিশ। তবে মোস্তফার ব্যবহৃত পাঁচ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান রবিন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহত মোস্তফার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।