
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে থাপ্পড় মারার মামলার আসামি মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবদুর রাজ্জাক ওরফে রাজা জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মাদ আবদুন নূর আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে আবদুর রাজ্জাককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার রাতে সদর উপজেলার ভাড়ারিয়া ইউপির চেয়ারম্যান আবদুল জলিল বাদী হয়ে প্যানেল মেয়রকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, পূর্বশত্রুতার জেরে উপজেলা পরিষদের ওই সভা শেষে প্যানেল মেয়র তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় এ ঘটনার প্রতিবাদ করলে প্যানেল মেয়র তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন এবং চড়থাপ্পড় ও কিল–ঘুষি মারেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মাসিক সমন্বয় সভা শুরু হয়। ওই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান এবং ইউপি চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভা শেষে বেলা দেড়টার দিকে খাবারের বিরতির সময় পূর্বের একটি ঘটনা নিয়ে প্যানেল মেয়রের সঙ্গে ইউপি চেয়ারম্যানের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে প্যানেল মেয়র সভায় উপস্থিত লোকজনের সামনেই ইউপি চেয়ারম্যান জলিলকে থাপ্পড় মারেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যানেল মেয়রকে থানায় নিয়ে যায়।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী গোলাম মহীউদ্দিন ও আইনজীবী দেওয়ান আবদুল মতিন।
আসামিপক্ষের আইনজীবী আবদুল মতিন বলেন, আসামির জামিন আবেদনের সময় বাদী আবদুল জলিলও আদালতে উপস্থিত ছিলেন। জামিন দেওয়ার বিষয়ে বাদীর কোনো আপত্তি না থাকায় বিচারক আসামির আবেদন মঞ্জুর করেছেন। পরে এক হাজার টাকা জামানত ও আসামির মুচলেকা নিয়ে আসামিকে জামিন দেওয়া হয়েছে।