মৌলভীবাজার

ইকোপার্কে বর্জ্য ফেলায় আদালতের নিষেধাজ্ঞা

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বর্জ্য ডাম্পিং কার্যক্রম বন্ধে জনস্বার্থমূলক মামলা দায়ের করে।

মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্কের স্থানে পৌরসভার বর্জ্য ফেলার ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইকোপার্কের স্থানে ময়লা ফেলার ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক জনস্বার্থমূলক মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জালিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ওই রুল ও আদেশ জারি করেন।

আদেশের বিষয়টি বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক আইনজীবী শাহ শাহেদা প্রথম আলোকে নিশ্চিত করেন।

মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া ইকোপার্ককে অবৈধ গাছ কাটা, পাহাড় কাটা, রাস্তা নির্মাণ ও বর্জ্য ডাম্পিং থেকে রক্ষা ও সংরক্ষণে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ, আইনি কর্তৃত্ব–বহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না। সেই সঙ্গে ইকোপার্কটিকে ধ্বংসের জন্য মেয়র, মৌলভীবাজার পৌরসভার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ আদায় এবং জনস্বার্থে পার্কটিকে সংরক্ষণে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, আদেশে আদালত তা জানতে চেয়েছেন।

বেলা সূত্র জানায়, মৌলভীবাজার সদর উপজেলার লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় বর্ষিজোড়া সংরক্ষিত বন অবস্থিত। এর আয়তন ৮৮৬ একর। ১৯১৬ সালে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে ওই বনকে সংরক্ষিত বন ঘোষণা করেন। সম্প্রতি ইকোপার্কের জায়গায় মৌলভীবাজার পৌরসভা কর্তৃক ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মর্মে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এ ছাড়া আবর্জনা পরিবহনের সুবিধার্থে রাস্তা প্রশস্ত করার জন্য মৌলভীবাজার স্টেডিয়াম-সংলগ্ন বনের টিলা কেটে মাটি সরানো হয়েছে। শহরের ময়লা–আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে বনের পরিবেশ দূষিত হচ্ছে ও দুর্গন্ধ ছড়াচ্ছে। যা বন, বন্য প্রাণীসহ পশুপাখি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বন বিভাগের লিখিত আপত্তি সত্ত্বেও বনের জায়গায় বেআইনিভাবে পৌরসভার ময়লা–আবর্জনা ফেলে রাখা একধরনের জবরদখলের শামিল। এ অবস্থায় বেলা সব ধরনের ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করে বর্জ্য ডাম্পিং কার্যক্রম বন্ধ, টিলা কাটা বন্ধ ও কাটা অংশে দেশীয় প্রজাতির বৃক্ষের বনায়ন করতে এবং পরিবেশবিরোধী কাজের জন্য ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়ে জনস্বার্থমূলক মামলাটি করেন।

বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

মামলায় বিবাদী করা হয়েছে সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; প্রধান বন সংরক্ষক, বন বিভাগ; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; জেলা প্রশাসক, মৌলভীবাজার; পুলিশ সুপার, মৌলভীবাজার; বিভাগীয় বন কর্মকর্তা, মৌলভীবাজার; পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়; মেয়র, মৌলভীবাজার পৌরসভা; সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এবং মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)।

জানতে চাইলে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আদেশ সম্পর্কে এখনো কিছু জানি না। তবে প্রায় পাঁচ মাস আগে থেকেই আমরা এখানে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছি। ডাম্পিং স্টেশনে কাজ চলায় ময়লা ফেলার বিকল্প জায়গা ছিল না। এ জন্য এখানে ফেলা হয়েছিল। বন বিভাগ আপত্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে পৌরসভা বিকল্প ব্যবস্থা করে এখান থেকে চলে যায়। ডাম্পিং স্টেশনের পাশে জায়গা ভাড়া করে সেখানে ময়লা ফেলা হচ্ছে।’