ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আজ রোববার বেলা ১১টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনবিষয়ক এ সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইভিএমে কোনো সমস্যা নেই উল্লেখ করে আনিছুর রহমান বলেন, ইভিএম সম্পূর্ণ ত্রুটিমুক্ত। নির্বাচন কমিশন মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদসহ দেশের শীর্ষ ২০ জন অধ্যাপককে ইভিএম দেখিয়েছে। তাঁরাও এটি ত্রুটিমুক্ত বলে মতামত দিয়েছেন।
বিয়ানীবাজার পৌর নির্বাচনসহ সব নির্বাচন প্রভাবমুক্ত থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরও বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে না পারলে আমরা চেয়ার দখল করে থাকব না। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের দিন গোপন কক্ষ ব্যতীত প্রত্যেক বুথ ও বুথের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কোনো কেন্দ্রে প্রভাব বিস্তার করার সুযোগ নেই। সে রকম হলে ভোট বাতিল করা হবে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিলেট জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক নূরের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
মো. আনিছুর রহমান আরও বলেন, কোনো ধরনের ভয়ে কেউ ভীত হবেন না। ইমিএমে শূন্য থেকে ভোট প্রদান শুরু হবে এবং প্রতি ঘণ্টায় কতটি ভোট গ্রহণ করা হয়েছে, সে ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পৃথক একটি ট্যাবে তথ্য সংরক্ষণ করবেন।
অতীতে ব্যালট নিয়ে অন্য জায়গায় সিল মেরে এসে বাক্সে ঢুকিয়ে দেওয়া হতো উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ইভিএম কেন্দ্রের বাইরে নিয়ে গেলে এটি কোনো কাজ করবে না। তা ছাড়া ইভিএমের সঙ্গে ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই। তাই বাইরে থেকে এটির নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ নেই। এ ছাড়া কোন ইভিএম কোন কেন্দ্রে কিংবা কোন বুথে যাবে, সেটি আগে থেকে নির্ধারণ করা থাকবে না।
মতবিনিময়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান নির্বাচনের আগে ও পরে পুলিশকে কাগজবিহীন মোটরসাইকেল জব্দ ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘কোনো পেশিশক্তির প্রভাব দেখানোর সুযোগ নেই। কোনো প্রার্থীর বিশেষ সুবিধা পাওয়ারও সুযোগ নেই। আমরা সবকিছু নতুন করে শুরু করেছি। এটি আমাদের প্রথম নির্বাচন। সম্পূর্ণ চাপমুক্ত থেকে আমরা কাজ করছি। সে জন্য কিছু বিষয়ে আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি। আগে যেসব এলাকায় নির্বাচন হতো, সেখানকার ইউএনওকে রিটার্নিং কর্মকর্তা দেওয়া হতো। আমরা এবার পাশের জেলার নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছি।’
শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ জন প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।