সিলেটে ইকবাল হাসান মাহমুদ

ইভিএম দিয়ে ভোট করে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে চায়

সিলেটের কোম্পানীগঞ্জে বন্যার্তদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে
ছবি : প্রথম আলো

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘ভোট দিলাম ধানের শীষে, আর চলে গেল নৌকায়—এ ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইভিএম দিয়ে ভোট করে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে চায়। এ দেশের জনগণ তা হতে দেবে না।’

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা বাজারে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, বেলা পৌনে দুইটায় প্রধান অতিথি হিসেবে ইকবাল হাসান মাহমুদ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে পাঁচ শতাধিক বন্যার্তের মধ্যে চাল, ডাল ও তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন খন্দকার, বিএনপি নেতা আবদুল্লাহ আবু সাঈদ প্রমুখ।

ত্রাণ বিতরণের আগে বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সিলেটের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও জনগণ সরকারের কাউকে পাশে পাননি। তবে বন্যায় ত্রাণ বিতরণের নামে সিলেটে মন্ত্রী-এমপিদের কেউ কেউ তামাশা করছেন।

সব সেক্টরে ভয়াবহ দুর্নীতির কারণে দ্রব্যমূল্য জনগণের ক্ষয়ক্ষমতার বাইরে চলে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি কোনো নির্বাচনে যাবে না। বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভিএম সম্পর্কে বিশেষজ্ঞদের মন্তব্য নিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এক্সপার্ট কারা? মুহম্মদ জাফর ইকবাল? তাঁরা? তাঁদের মতামত বিশ্বাস করি না।’

গতকাল বুধবার নির্বাচন কমিশনে (ইসি) ইভিএম–বিষয়ক এক মতবিনিময় সভা করেন দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক এম কায়কোবাদ। এ সময় তাঁরা বলেন, এটা অত্যন্ত চমৎকার মেশিন। এখানে ম্যানিপুলেশন (কারচুপি) করার জায়গা নেই।

৮ মে গণভবনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হবে বলে ইঙ্গিত দেন। তবে বিএনপিসহ বিরোধী অনেক রাজনৈতিক দল বরাবরের মতো ইভিএমে ভোট গ্রহণের বিরোধিতা করে আসছে। বিএনপি ইভিএমকে ‘স্বয়ংক্রিয়ভাবে ভোট চুরির যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে আসছে।