
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া নৌঘাট থেকে উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াতের সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বিকেলে এ–সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে সন্দ্বীপে যাতায়াতে বেশির ভাগ মানুষ কুমিরা-গুপ্তছড়া নৌঘাট ব্যবহার করেন। সন্দ্বীপে গণপরিবহন হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায়চালিত মোটরসাইকেল। এত দিন দেশের বিভিন্ন স্থান থেকে এ ঘাটে আসা যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছে জিম্মি ছিল। চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করতেন। ১০ এপ্রিল হঠাৎ করে অটোরিকশার সিরিয়াল দেওয়ার নাম করে অস্বাভাবিক ভাড়া আদায়ের ঘোষণা দেয় অটোরিকশা মালিক সমিতি। এর পরিপ্রেক্ষিতেই প্রশাসন থেকে এ নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। নতুন এ ভাড়ার তালিকায় খুশি হয়েছেন ওই স্থান দিয়ে যাতায়াতকারী যাত্রীরা।
সন্দ্বীপ উপজেলার ইউএনও সম্রাট খীসা প্রথম আলোকে বলেন, সম্প্রতি অস্বাভাবিক একটি ভাড়ার তালিকা দেখেছেন তিনি। যাত্রীদের হয়রানির কথা বিবেচনায় গত শনিবার বিকেলে অটোরিকশার মালিকদের ডেকেছিলেন। এরপর মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করেন। ভাড়ার তালিকার বাইরে কেউ যেতে চাইলে কিলোমিটারে জনপ্রতি সাড়ে তিন টাকা বাড়তি ভাড়া দিতে হবে। তবে ভাড়ায়চালিত মোটরসাইকেলের ভাড়া নির্ধারণ করা হয়নি। সেটিও কয়েক দিনের মধ্যে নির্ধারণ করে দেবেন বলে জানান তিনি।