শেরপুরের নালিতাবাড়ী

উকিল নোটিশ নিয়ে আতঙ্ক

৯ বছর পর হঠাৎ উদয় হওয়া একটি এনজিও গ্রামের প্রায় ৩০০ প্রান্তিক কৃষক পরিবারকে উকিল নোটিশ পাঠিয়ে হয়রানি করছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এক ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রান্তিক কৃষকের ঘরে ঘরে উকিল নোটিশ আতঙ্ক দেখা দিয়েছে। ৯ বছর পর হঠাৎ উদয় হওয়া বেসরকারি একটি সংস্থা (এনজিও) গ্রামের প্রায় ৩০০ প্রান্তিক কৃষক পরিবারকে উকিল নোটিশ পাঠিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

জনপ্রতিনিধি ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রান্তিক মানুষদের কিস্তির মাধ্যমে সৌরবিদ্যুতের প্যানেল দিয়েছিল। তারা নিয়মিত সৌরবিদ্যুতের সেই প্যানেল দেখভাল করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল।

এরই পরিপ্রেক্ষিতে ২০১০ সালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি, পানিহাটা, তন্তর, কালাকুমা, বেলতৈল, ঘাকপাড়া, কেরেঙ্গাপাড়া ও ফুলপুর গ্রামের প্রায় ৩০০ কৃষক পরিবার এনজিওটির কাছ থেকে সৌরবিদ্যুতের প্যানেল কিস্তির মাধ্যমে নেয়। কেউ কেউ অর্ধেক টাকা কিস্তির মাধ্যমে পরিশোধও করে। হঠাৎ ২০১৩ সালে এনজিওটি কাউকে কিছু না জানিয়ে উপজেলা থেকে তাদের অফিস সরিয়ে নেয়। এর পর থেকে তারা গ্রাহকদের কাছ কোনো কিস্তি নিতে আসেনি।

এতে সৌরবিদ্যুতের প্যানেল ব্যবহারকারী কৃষক পরিবারের লোকজন বিপাকে পড়েন। কারণ, সৌরবিদ্যুতের প্যানেল নষ্ট হলে তা মেরামতে সহযোগিতা করছিল না এনজিওটি। ফলে চার–পাঁচ বছর আগেই সৌরবিদ্যুতের প্যানেল অকেজো হয়ে যায়। কারও সৌরবিদ্যুতের প্যানেলের ব্যাটারি কাজ করছিল না। আবার কারও কারও প্যানেলের বাতি জ্বলছিল না।

কিন্তু হঠাৎ করেই ৯ বছর পর শেরপুর জেলায় রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের ব্যবস্থাপক দীপক চন্দ্র দাসের নাম ব্যবহার করে পাঁচ মাস ধরে প্রায় ৩০০ পরিবারকে উকিল নোটিশ পাঠানো হয়। এতে সৌরবিদ্যুতের কিস্তির টাকা বকেয়া ও আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়েছে। এতে কৃষকেরা উকিল নোটিশ আতঙ্কে ভুগছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

মায়াঘাসি গ্রামের প্রান্তিক কৃষক রমজান আলী (৬৫) বেসরকারি ওই সংস্থাটির কাছ থেকে ৩২ হাজার টাকা দাম ধরে নগদ ৪ হাজার টাকা জমা দিয়ে ৫০ ওয়াটের সৌরবিদ্যুতের প্যানেল বাড়িতে লাগান। এতে শুধু তিনটি বাতি জ্বালানো যেত। মাসে ৭৯০ টাকা কিস্তি হিসেবে ৩৬ কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করার কথা ছিল। তিনি ২৭ কিস্তি হিসেবে ২১ হাজার ৩৩০ টাকা পরিশোধও করেন।

রমজান আলী আরও জানান, এনজিওটির প্রতিশ্রুতি ছিল মাসে মাসে সৌরবিদ্যুতের প্যানেলের কোনো সমস্যা হলে তা বিনা মূল্যে মেরামত করে দেবে তারা। কিন্তু উপজেলা থেকে কাউকে না জানিয়ে অফিস বন্ধ করে দেওয়ায় দেড় বছর পরই সৌরবিদ্যুতের ব্যাটারি ও সোলার প্যানেল নষ্ট হয়ে যায়। তাই তিনি কেজি দরে ভাঙারি হিসেবে তা বিক্রি করে দেন। ‘এহন আমার নামে নোটিশ পাঠাইছে। এই লইয়া দুশ্চিন্তাই আছি, ’বললেন রমজান আলী।

কৃষক মো. জহিরুল ইসলাম (৪৫) বলেন, ‘উকিল নোটিশ পাঠিয়েছিল। কিন্তু যেতে পারিনি বলে পরে আদালতে মামলা করে দেয়। আদালতে হাজিরা দিয়ে এখন জামিনে রয়েছি।’

অভিযোগ সম্পর্কে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের শেরপুর কার্যালয়ের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, ‘এই গ্রাহকদের কাছে রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের বকেয়া রয়েছে। উপজেলা থেকে অনেক আগেই অফিস বন্ধ করা হয়েছে। এখন শেরপুর জেলায় শুধু আমি দায়িত্বে রয়েছি। উকিল নোটিশ করে আদালতের মাধ্যমে বকেয়া টাকা উত্তোলন করতে অফিস আমাকে অনুমোদন দিয়েছে। যাঁরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন, তা মিথ্যা।’

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বলেন, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৫ টির মতো মামলার নোটিশ এসেছে। এসব মামলায় নাম–ঠিকানায় গরমিল পাওয়া গেছে।