উখিয়ার চার লাখ জাল টাকাসহ দুই রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার
 প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় ৩ লাখ ৯৮ হাজার জাল টাকাসহ দুজন রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ১৩ নম্বর তাজনিমার খোলা শরণার্থীশিবিরে খাদ্য বিতরণকেন্দ্রের রাস্তা থেকে তাঁদের ধরা হয়। আজ বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন ১৩ নম্বর শরণার্থীশিবিরের বাসিন্দা মোহাম্মদ রশিদ (২২) ও পীর মোহাম্মদ (২৮)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হেমায়েতুল ইসলাম বলেন, শিবিরের দুজন লোক জাল টাকা নিয়ে অবস্থান করছেন বলে গতকাল খবর পায় এপিবিএনের সদস্যরা। এর ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থাইংখালী এলাকায় ১৩ নম্বর শিবিরে অভিযান চালানো হয়। সেখানে ৩ লাখ ৯৮ হাজার জাল টাকাসহ ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের উখিয়া থানায় সোপর্দ করে মামলা করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আজ সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।