উত্তরবঙ্গের মহাসড়কে যানবাহনের চাপ কমছে

আজ শনিবার দুপুরের পর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। আজ বিকেলে সয়দাবাদ এলাকায়
ছবি: প্রথম আলো

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কয়েক দিন ধরে উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছিল। তবে আজ শনিবার দুপুর থেকে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ জেলার সব রুটে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। কোথাও কোথাও গাড়ির লম্বা লাইন দেখা গেলেও যানজট বা ধীরগতি নেই।

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে চাপ কমতে শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের চাপ গত দুই দিনের তুলনায় অনেকটাই কম দেখা গেছে।

সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ী, কড্ডার মোড়, ঝাঐল উড়ালসেতু এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন ও ধীরগতি দেখা গেলেও সন্ধ্যা থেকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। মহাসড়কের অন্য রুটগুলোতেও একই চিত্র দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ১৯৯টি যানবাহন পার হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব মহাসড়কে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট ছিল। রাতে অত্যধিক গাড়ির চাপ থাকলেও দীর্ঘস্থায়ী কোনো যানজট ছিল না।

জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, শুক্রবার দিনভর যানবাহনের চাপ ছিল। তবে শনিবার ভোররাত থেকে চাপ অনেকটা বেশি হলেও এর পর থেকে কমতে শুরু করেছে। কিছু কিছু অঞ্চলে এক লেনের কারণে যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক করতে মাঠে রয়েছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান প্রথম আলোকে জানান, গত দুই দিনের তুলনায় আজ দুপুর থেকে যানবাহনের চাপ অনেকটাই কমেছে। নলকা সেতুর পশ্চিম পাড় থেকে মহাসড়কের অন্য রুটগুলো ফাঁকা হতে শুরু করেছে।