সুনামগঞ্জের জগন্নাথপুর

উপজেলা আ.লীগের সম্মেলন পেছাল, কোন্দলই কি কারণ?

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদের অনুসারীরা দুই ধারায় বিভক্ত।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের নির্ধারিত ত্রিবার্ষিক সম্মেলন আজ বুধবার হচ্ছে না। হাওর অধ্যুষিত এ উপজেলায় বোরো ধান উত্তোলনের জন্য ঘোষিত তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। তবে উপজেলার নেতা-কর্মীরা বলছেন, সম্মেলনকে সামনে রেখে দলে নতুন করে কোন্দল, গ্রুপিং দেখা দিয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কোন্দলের অবসান হলেও এখন নতুন করে দেখা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদের অনুসারীরা দুই ধারায় বিভক্ত হয়ে পড়ায় দলে কোন্দল চাঙা হয়েছে। ফলে দীর্ঘ আট বছর পর সম্মেলনের দিনক্ষণ ধার্য হওয়ার পর আবার তা পিছিয়ে গেল।

এদিকে আট বছর পর সম্মেলনের দিনক্ষণ ধার্য হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল। এখন সম্মেলন না হওয়ার খবরে নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা গেছে। গত সোমবার বিকেলে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের বৈঠকে এ সম্মেলন পেছানোর সিদ্ধান্ত হয়।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এনামুল কবির গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করে জগন্নাথপুর, শান্তিগঞ্জ, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার সম্মেলন জুনের প্রথম সপ্তাহে করা হতে পারে বলে সিদ্ধান্ত হয়। হাওর অধ্যুষিত এসব উপজেলায় বোরো ধান উত্তোলনের জন্য ঘোষিত তারিখ পেছানো হয়েছে।

দলের নেতা-কর্মীরা জানান, ২০০৫ সালে আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর সাবেক সচিব এম এ মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিলে নেতা-কর্মীদের মধ্যে আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদকে ঘিরে বিভক্তি দেখা যায়। ২০০৮ সালে সাবেক সচিব এম এ মান্নান আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে দল দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে। ২০১৪ সালে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পান এম এ মান্নান। তখন সামাদপুত্র আজিজুস সামাদ বিদ্রোহী প্রার্থী হন। নির্বাচনে জয়লাভ করে এম এ মান্নান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে এম এ মান্নান উদ্যোগী হয়ে দলের কোন্দল নিরসন করেন। আবারও নির্বাচিত হয়ে তিনি পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর পর থেকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে।

২০২১ সালে আজিজুস সামাদ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হন। উপজেলা সম্মেলনকে সামনে রেখে তাঁর বলয়ের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছাড়া আজিজুস সামাদের উপস্থিতিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় কয়েকটি সভা হয়। এতে দলের মধ্যে নতুন করে বিভক্তি চাঙা হয়েছে বলে মনে করছেন নেতা-কর্মীরা।

আজিজুস সামাদের অনুসারী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র বলেন, ‘সম্মেলনকে সামনে রেখে আমরা উজ্জীবিত ছিলাম। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতা ধরে রাখতে সম্মেলন না করতে টালবাহানা করছেন।

এম এ মান্নানের অনুসারী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন বলেন, ‘জগন্নাথপুর একটি হাওরবেষ্টিত উপজেলা। বোরো ফসলের ওপর নির্ভরশীল উপজেলার মানুষ। এখনো ধান উত্তোলন চলছে। তাই সম্মেলনের তারিখ পেছাতে আমরা অনুরোধ করছি।’ তিনি অভিযোগ করেন, ‘কিছু মানুষ দলে বিভক্তি তৈরি করতে চান। আমরা ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’