
রাজশাহীর চারঘাটে একসঙ্গে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার বিকেলে চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই নারী হচ্ছেন চক কাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও কাবিল আলীর স্ত্রী আলিয়া বেগম (৬০)। তাঁরা দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে মারা গেছে মাহফুজ আলীর ছেলে সোহান (১০) ও মো. জনির ছেলে পরশ আলী। তাদের সবার বাড়ি একই গ্রামে। আহত দুজন হচ্ছে উকিলের ছেলে ভুট্টু (১৮) ও আজম আলীর ছেলে জীবন (৮)।
চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহমেদ জানান, সোমবার বিকেল চারটার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে চক কাপাশিয়া গ্রামের ওই নারী ও শিশুরা বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বৃষ্টি থামার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, বিকেলে বৃষ্টির আগে হালকা একটা বাতাস উঠেছিল। তখন ওরা বাগানে আম কুড়াতে গিয়েছিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে সবাই একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিল। ওইখানে বজ্রপাত হয়েছে। ওরা সবাইকে গড়াগড়ি দিতে দেখে পাশের বাড়ির লোকজন এসে জীবিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক বলেন, যারা মারা গেছে তাদের দাফনের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা ও যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এই টাকা পাঠানোর ব্যবস্থা করবেন।