
চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে লিটন মিয়া (২৮) নামের চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ ইব্রাহিম। তাঁরা দুজনেই পেছনের কাভার্ড ভ্যানে ছিলেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়ার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। তাঁর লাশ সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত ইব্রাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, চলন্ত অবস্থায় কাভার্ড ভ্যানটির একটি চাকা পাংচার হয়। এ সময় চালক কাভার্ড ভ্যানটিকে ঠিক করতে সড়কের ওপর দাঁড় করান। কিন্তু পেছন থেকে চলন্ত অপর একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পেছনের কাভার্ড ভ্যানের চালক আহত হন। আর তাঁর সহকারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।