
গত এক বছরে করোনায় মৃত ২৬৮ জন মৃত ব্যক্তির শেষকৃত্য করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা গাউছিয়া কমিটি। গতকাল শনিবার রাতে সংগঠনের বার্ষিক প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করেন কমিটির স্বেচ্ছাসেবক ও মানবিক দলের সমন্বয়ক মো. ইমতিয়াজ উদ্দিন।
প্রতিবেদনে জানানো হয়, ২৬৮ জনের মধ্যে ৩ জন বীর মুক্তিযোদ্ধা, ৫ জন বেওয়ারিশ, ১ জন সনাতন ধর্মাবলম্বী পুরুষ এবং ১০৩ জন নারীর মরদেহ ছিল।
গাউছিয়া কমিটি সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে করোনা ও করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন-কাফন ও সৎকারের কাজ শুরু করে গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক দল ও মানবিক দল নামের ইউনিট। ৩১ জন স্বেচ্ছাসেবী নিয়ে গঠিত ইউনিট গত এক বছরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬৮ ব্যক্তির দাফন-কাফন ও সৎকারের কাজ সম্পন্ন করে।
মো. ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের লোকজন যখন লাশের পাশে আসেননি, তখন আমাদের স্বেচ্ছাসেবীরা দাফন-কাফন ও সৎকারের কাজ করছেন। চট্টগ্রাম ছাড়াও আমরা ছুটে গিয়েছি জেলার বাইরেও। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’