ভৈরব থানা মাঠে রাখা জব্দ হওয়া কিছু গাড়ি
ভৈরব থানা মাঠে রাখা জব্দ হওয়া কিছু গাড়ি

এসআইয়ের বিরুদ্ধে জব্দ করা ১৪টি গাড়ি সরানোর অভিযোগ

এ ঘটনায় গতকাল পুলিশ সুপার মীর মাশরুকুর রহমান এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

কিশোরগঞ্জের ভৈরব থানার মালখানায় বিভিন্ন মামলায় বর্তমানে অন্তত দেড় শ গাড়ি জব্দ রয়েছে। এসআই আবু সাঈদের বিরুদ্ধে জব্দ করা ওই গাড়ি থেকে ১৪টি গাড়ি সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এর মধ্যে পাঁচটি ব্যক্তিগত গাড়ি, পাঁচটি অটোরিকশা ও চারটি মোটরসাইকেল রয়েছে।

এসআই আবু সাঈদ ওই মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশ সুপার মীর মাশরুকুর রহমান এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির একমাত্র সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার।

মুঠোফোনে গতকাল সন্ধ্যায় মোস্তাক সরকার প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছি। তবে একদমই প্রাথমিক পর্যায়ে আছি। সবকিছু শেষ করে আনতে সময় লাগতে পারে।’

পুলিশ সূত্র জানায়, আবু সাঈদ ২০২১ সালের আগস্ট মাসে এসআই হিসেবে ভৈরব থানায় যোগ দেন। চলতি বছরের মার্চ মাসে তাঁকে মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদ দেওয়া হয়। এরই মধ্যে গুঞ্জন ওঠে আবু সাঈদ তিন দফা মালখানা থেকে ১৪টি গাড়ি সরিয়ে গোপনে বিক্রি করে দেন। চলতি বছরের ২৭, ২৮ মার্চ ও ১৫ এপ্রিল তিন দফায় গাড়িগুলো সরানো হয়। এই কাজে পুলিশের কয়েকজন সদস্য তাঁর সহযোগী ছিলেন। এ বিষয় নিয়ে থানায় দুটি পক্ষ হয়। একটি পক্ষ বিষয়টি সামনে আনে ও অপর পক্ষ বিষয়টি গোপন করতে চাইছে। একপর্যায়ে বিষয়টি পুলিশ সুপারের কান পর্যন্ত পৌঁছায়।

মালখানা থেকে গাড়ি সরানো সম্ভব কি না—এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের কয়েকজন সদস্য জানান, সেটা সম্ভব। মূলত ভৈরবের ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক গেছে। নদী ও রেলপথও স্পর্শ করেছে ভৈরবকে। অনুকূল যোগাযোগব্যবস্থার কারণে ভৈরবকে মাদকের ট্রানজিট পয়েন্ট বলা হয়। প্রতিনিয়ত মাদকসহ পুলিশের হাতে গাড়ি জব্দ হচ্ছে। অন্যান্য মামলায়ও হয়। এর মধ্যে পরিত্যক্ত অবস্থায় জব্দ হয়। বিধান হলো জব্দ হওয়ার পর গাড়িগুলো পুলিশ রেজিস্ট্রারে নথিভুক্ত করতে হয়। পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চিঠির মাধ্যমে আদালতে অবহিত করে থাকেন। কখনো কখনো মালিক আদালত থেকে অনুমতি নিয়ে গাড়ি ছাড়িয়ে নেন। বেশির ভাগ গাড়ির বৈধ কাগজপত্র থাকে না। ফলে পরবর্তী সময়ে গাড়ি ফিরে পেতে কেউ আর পুলিশের সঙ্গে যোগাযোগ করে না। ভৈরব থানার মালখানায় এখন পাঁচ থেকে দশ বছর আগের গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিধান হলো প্রতিবছর মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রেজিস্ট্রার আপডেট করবেন। মূলত আপডেট করার সময় পুরোনো কিছু গাড়ি এদিক–ওদিক করার সুযোগ থাকে। ভৈরব থানার মালখানা থেকে গাড়িগুলো সরানো হয় রাষ্ট্রপতির সর্বশেষ কিশোরগঞ্জ সফরের সময়। সেই সময় ভৈরব থানার অধিকাংশ পুলিশ সদস্য রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব পালন করতে থানার বাইরে ছিলেন।

তবে অভিযুক্ত এসআই আবু সাঈদ বলেন, গাড়ি তো দূরের কথা, মালখানা থেকে একটি সুই সরানোরও সুযোগ নেই। প্রতিটি মামলার এজাহারে জব্দ হওয়া বিষয়গুলো উল্লেখ করতে হয়। এ ছাড়া প্রতিনিয়ত মালখানার সর্বশেষ তথ্য আদালতকে অবহিত করতে হয়। এ ছাড়া পরিত্যক্ত গাড়িগুলো ভাঙারি ব্যবসায়ীদের কাজে আসা ছাড়া আর কোনোভাবে ব্যবহারের সুযোগ থাকে না। বাজারমূল্যও নগণ্য।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ ধরে থানায় কর্মরতদের মধ্যে ইস্যুটি প্রধান আলোচ্য হয়। আলোচনার পক্ষে একটি পক্ষ জোরালো রয়েছে। অন্য একটি পক্ষ আলোচনাটি আর সামনে না এগোনোর চেষ্টায় আছেন।

পুরো বিষয়ে কথা হয় ভৈরব থানার ওসি মো. গোলাম মস্তুফার সঙ্গে। ইস্যুটি নিয়ে তিনি খুবই বিব্রত। তাঁর মতে, মালখানা থেকে মাল সরানোর সুযোগ থাকার কথা নয়। তবে বাইরে আলোচনাটি বেশ জোরালো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সত্য–মিথ্যা জানার সুযোগ নেই বলে জানান তিনি।