
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছে টাকা দাবি করা হচ্ছে। আজ মঙ্গলবার রাত আটটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দাপ্তরিক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি জানান।
এসিল্যান্ড তানজিল পারভেজের ফেসবুক আইডির ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘আমার দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে এবং বিভিন্নজনের কাছে ফোন দিয়ে টাকা চাওয়া হচ্ছে। কারও কাছে আমার দাপ্তরিক মোবাইল ফোন নম্বর থেকে টাকা চাওয়া হলে টাকা দিতে বিরত থাকার জন্য বলা হচ্ছে।’
এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই–একজন আমাকে দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে জানালে বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রায়গঞ্জ থানায় কথা বলা হয়েছে।’
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নানাজন প্রতিক্রিয়া জানান। এ বিষয়ে রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক।