
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ইলিশা নদীর ভাঙন রোধে কংক্রিটের তৈরি ব্লক ফেলে নদীর তীর সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আজ সোমবার সকাল ১০টায় রাজাপুর ইউনিয়নের জোড়খাল এলাকায় ইলিশা নদীর ভাঙনের মুখে কয়েক শ বাসিন্দা মানববন্ধন করে এ দাবি জানান।
মানববন্ধনে রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হক ওরফে মিঠু চৌধুরী বলেন, ২৫ বছর ধরে নদীভাঙনের শিকার হচ্ছেন রাজাপুর ইউনিয়নের বাসিন্দারা। এ সময় কমপক্ষে ১০টি মৌজার কয়েক হাজার একর জমি ও বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, আম্পান, ইয়াসসহ প্রায় সব দুর্যোগই রাজাপুরে তাণ্ডব চালিয়েছে। রাজাপুরের উত্তরাংশ ভেঙে শেষ হওয়ার পর দক্ষিণাংশে ভাঙন ধরেছে। বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পাঁচ থেকে ছয়টি স্কুল, মাদ্রাসা, মসজিদ, বাজারসহ পাঁচ হাজার পরিবার হুমকির মুখে রয়েছে। প্রতিবছর ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস ছাড়াও নদীভাঙনে রাজাপুরের মানুষ বাস্তুহারা হচ্ছেন। গত বছর আম্পান, ইয়াসের সময় উচ্চমাত্রার জোয়ার ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে। জোয়ারের সঙ্গে লাগাতার নদীভাঙনে দিশেহারা বাসিন্দারা।
রেজাউল হক আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সদর উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের সঙ্গে রাজাপুরের জোড়খাল পর্যন্ত মেঘনা ও ইলিশা নদীর তীরে ব্লক ফেলে তীর সংরক্ষণ করেছে। বর্তমানে জোড়খাল থেকে চর মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকার ইলিশা নদীর তীর অরক্ষিত। সেখানে বিভিন্ন জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক বছরে ভাঙনে এলাকার রাস্তাঘাট, ফসলি জমিসহ কয়েক শ বাড়িঘর বিলীন হয়েছে। সামান্য জোয়ারে এখন ঘরে পানি ঢুকে বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন। এ অবস্থায় ভাঙনের মুখে ব্লক ফেলে নদীর তীর সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা বলেন, দেশের বিভিন্ন নদ-নদীর পানি ভোলার আশপাশে দিয়ে সাগরে নামে। ফলে নদীতে তীব্র স্রোত থাকে। সাগরে জোয়ার হলে নদ-নদীগুলো ফুঁসে ওঠে। জলোচ্ছ্বাসে নিমজ্জিত হয় ফসলি মাঠ ও বাড়িঘর। পানি নেমে গেলেও জোয়ারের লবণ পানির কারণে ক্ষতির রেশ কাটে না। আবার নদীর ডুবোচরে ও চাঁদপুরের তীর সংরক্ষণ বাঁধে নদীর স্রোত বাধাগ্রস্ত হয়। ফলে স্রোতের আঘাতে ভোলার রাজাপুরে নদীভাঙন নিত্যদিনের ঘটনা। চলতি বছর তাঁর এলাকার শতাধিক পরিবার বাস্তুহারা হয়েছে। তাই মানসম্মত টেকসই ব্লক বাঁধ দিয়ে তীর সংরক্ষণ করা দরকার। কিন্তু পাউবো কোনো কার্যকর ভূমিকা রাখছে না।
ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষক ও পল্লিচিকিৎসক আমির হোসেন বলেন, নদীভাঙনের কারণে আজ রাজাপুরের হাজারো পরিবার নিঃস্ব ও বাস্তুহারা। রাজাপুরের দক্ষিণাংশটুকু টিকে আছে। রাজাপুর বিলীন হয়ে গেলে পুরো ভোলা জেলা অস্তিত্ব সংকটে পড়বে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক চোকদার, ছাত্রনেতা আল আমিন হাওলাদার প্রমুখ।