
কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস এম আব্বাস উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মোহাম্মদ আরিফ ওরফে মৌলভি আরিফ (৩৬)। সে উখিয়ার কুতুপালং ক্যাম্প–২–এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আবদুল মোনাফের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ জানান, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় মোহাম্মদ আরিফসহ আরও একজন ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় পুলিশ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পরে উখিয়া থানা–পুলিশের তদন্তে সাদেক উল্লাহ নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততা না থাকায় তাকে মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।