করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

ডা. এস এম মোস্তফা কামাল
 ছবি: সংগৃহীত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁর নাম এস এম মোস্তফা কামাল (৬৭)।

মোস্তফা কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে ১০ বছর আগে অবসরে যান। এরপর থেকে তিনি নগরীর লাইফ কেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে মোস্তফা কামালের মৃত্যু হয় বলে চট্টগ্রাম মেডিকেলের হৃদ্‌রোগ বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক প্রবীর দাশ জানিয়েছেন।

প্রবীর দাশ প্রথম আলোকে বলেন, চিকিৎসক মোস্তফা কামাল কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন। চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে বাসায় ফেরেন। তবে করোনা–পরবর্তী জটিলতায় ভুগতে থাকেন। পরে তাঁকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোস্তফা কামালের মরদেহ আজ বুধবার চট্টগ্রাম এসে পৌঁছায়। পরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে তাঁর জানাজা হয়।

মোস্তফা কামালের বাড়ি চন্দনাইশ উপজেলায়। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এই চিকিৎসকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা এবং চমেক হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগ শোক জানিয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ২৭ চিকিৎসক করোনায় মারা গেছেন। আর সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬৫ জন চিকিৎসকের।