কর্মচারীকে গালাগালের অভিযোগে চা-বাগান কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

কর্মচারীকে গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন। আজ সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা–বাগানে
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা–বাগানের এক কর্মচারীকে গালিগালাজ ও চাকরিচ্যুতির হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কেরামত আলীর অপসারণের দাবি জানানো হয়।

মাধবপুর উপজেলার জগদীশপুর চা–বাগানের কার্যালয়ের সামনে আজ দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন।

কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম কেরামত আলী দুই দিন আগে জগদীশপুর চা–বাগানের প্রধান করনিক (হেড ক্লার্ক) রজত কান্তি দেশমুখকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাঁকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন। নিয়ম অনুযায়ী তিনি একজন সাধারণ কর্মচারীর সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন না। এর আগেও কেরামত আলী পার্থখোলা ও লাক্কাতুরা চা–বাগানের প্রধান করনিকের সঙ্গেও একই রকম দুর্ব্যবহার করেন। তাঁকে দ্রুত অপসারণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিজিএম কেরামত আলী বলেন, তিনি কোনো কর্মচারীর সঙ্গে এ ধরনের আচরণ করেননি। কর্মচারীরা অহেতুক অভিযোগ তুলে তাঁকে হেয় করছেন।