
দিনভর রোদের খরতাপের পর রাতে ভ্যাপসা গরম পড়েছে। গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে তখন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের আনাগোনা। কেউ প্ল্যাটফর্মে হাঁটছেন, কেউ বসে, কেউ আবার ট্রেনের অপেক্ষায়। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বসে আছেন প্ল্যাটফর্মের মেঝেতে। তাঁর ক্লান্ত শরীর। প্ল্যাটফর্মে বসে ঝিমাচ্ছেন তিনি। সঙ্গে একটি ডেকচি ও প্লাস্টিকের টুল। ডেকচির গায়ে লাল হরফে লেখা, ‘খাঁটি দুধের তৈরি নাটোরের কাঁচাগোল্লা’।
কাঁচাগোল্লার ডেকচি পেছনে রেখে টুলের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। এর মধ্যে স্টেশনে আসা এক ট্রেনের হর্নের শব্দে ঘুম ভাঙে তাঁর। তিনি অলসতা ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর চোখেমুখে পানি দিয়ে আলস্য কাটানোর চেষ্টা করলেন। এই সুযোগে তাঁর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা।
ওই ব্যক্তি জানালেন, তাঁর নাম মো. আলাউদ্দিন (৫৩)। তাঁর পৈতৃক বাড়ি রাজশাহীর নাটোরের লালপুর থানায়। জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে তিনি নাটোরের লালপুরে থাকেন। পেশায় তিনি ভাসমান কাঁচাগোল্লা বিক্রেতা। কাঁচাগোল্লা নিয়ে তিনি এক ট্রেন থেকে আরেক ট্রেনে ঘুরে বেড়াতেন। আলাপের ফাঁকে জানালেন, রাজশাহী থেকে জয়দেবপুরে এসেছেন। এরপর রাতের অন্য একটি ট্রেনে যাবেন নেত্রকোনায়। কিন্তু নাটোর থেকে জয়দেবপুর পর্যন্ত আসতেই তাঁর শরীরে ক্লান্তি ভর করেছে। তাই কোনোভাবেই বসে থাকতে পারছিলেন না। তাই টুলের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।
আলাউদ্দিন বলেন, ‘কাঁচাগোল্লা বানানোর পর আর রেস্ট নেওয়ার আর সুযোগ পাইনি। ট্রেন ধরতে দৌড়ায় বাড়ি থ্যাইকা বাইর হইছি। আসার পথে পুরা রাস্তাই দাঁড়ায় আসতে হইছে। এইখানেও ট্রেন আসতে দেড়ি হইতাছে। হেললাইগ্যা আর শরীর মানতাছিল না।’
প্রতি সপ্তাহে আলাউদ্দিন কাঁচাগোল্লা নিয়ে নাটোর থেকে বের হন। তাঁর নির্দিষ্ট কোনো বিক্রয়স্থল নেই। তিনি নাটোর থেকে ট্রেনে উঠে পড়েন। কখনো ঢাকা, কখনো গাজীপুরের অথবা দেশের অন্য কোনো রেলস্টেশনে। এ ছাড়া মাঝেমধ্যে ফেরি করে বিভিন্ন গ্রামগঞ্জের পথেঘাটেও তিনি কাঁচাগোল্লা বিক্রি করেন। বিক্রি শেষ হলে আবার বাড়ি ফিরে যান।
আলাউদ্দিন বলেন, ‘আগে গ্রামেগঞ্জে কাপড় ফেরি করে বিক্রি করতাম। তা দিয়ে কোনোরকম পোলামাইয়্যা লইয়া সংসার চালান যাইতো। কিন্তু ওই ব্যবসার লাভ হতো না। পরে একজনের পরামর্শে গোল্লা বানানোর কাজ শিখছি। এহন গোল্লা বানায় নিজেই বিক্রি করি। এহন এইড্যাই আমার জীবিকা। তাতে অন্তত খেয়েপরে বাঁচা যায়। নাটোরে গোল্লার চাহিদা কম। খুব একটা বিক্রি হয় না। তাই তিনি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাঁচাগোল্লা বিক্রি করা লাগে।’
সাধারণত আলাউদ্দিনের এক ডেকচি (২০ কেজি) কাঁচাগোল্লা বিক্রি করতে সময় লাগে ২ থেকে ৩ দিন। কখনো এর চেয়ে বেশি সময়ও লাগে। এর মধ্যে নাটোর থেকে আসা–যাওয়া মিলিয়ে প্রায় এক সপ্তাহ সময় লাগে। পুরো সময়ই তাঁকে কাটাতে হয় পথেঘাটে।
একপর্যায়ে কথা বলতে গিয়ে গলা ধরে আসছিল আলাউদ্দিনের। তিনি বলেন, ‘আমরা ভিনদেশি মানুষ। রাস্তাঘাট, মানুষজন কিছু চিনি না। রাইত–বিরাতে পথেঘাটে কত খারাপ মানুষ থাকে, কত বিপদ হইবার পারে। তবুও পেটের দায়ে ছুটতে হয়। মাঝেমধ্যে এমনও সময় যায়, তখন দ্বিতীয়বার বাড়ি ফিরতে পারব কি না, সেইডা ভাবি।’