কাঁঠালগাছের ডালে ঝুলে ছিল লাশ, চাচাতো ভাই আটক

লাশ
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি কাঁঠালগাছের ডালে ঝুলে ছিল এক ব্যক্তির লাশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৪১)। তিনি একই এলাকার মৃত আরফান আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির চাচাতো ভাই জমির হোসেনকে (৩৬) হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডাঙ্গাপাড়া এলাকায় বাড়ির কাছে একটি চা–বাগানের পাশে কাঁঠালগাছের ডালে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় বাবুলকে ঝুলে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত বাবুলের স্বজন আতাউর রহমান বলেন, চাচাতো ভাইদের সঙ্গে বেশ কিছুদিন ধরে বাবুল হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিয়ে কয়েকবার সালিসও হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাবুলকে তাঁর চাচাতো ভাই জমির হোসেন কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর বাবুলের স্ত্রী তাঁর মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে বাবুলের লাশ গাছে ঝুলে থাকার খবর পান। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছায়েম মিয়া বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জমির হোসেন নামে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।