কুমিল্লা সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন তাঁর কার্যালয়ে ডেকে এনে অন্তত ১০০ জনের শরীরে নিজেই টিকা পুশ করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। কমিটিকে শনিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক হাসান মাহমুদ ইকবালকে। কমিটির অপর দুই সদস্য হলেন কুমিল্লা সিটি করপোরেশনের চিকিৎসা কর্মকর্তা চন্দনা দেবনাথ ও ইপিআই সুপারিনটেনড্যান্ট আবু তাহের মজুমদার। কমিটির আহ্বায়ক হাসান মাহমুদ ইকবাল বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি।’
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, শনিবারের মধ্যে তাঁকে প্রতিবেদন দেওয়ার কথা। প্রতিবেদন পেলে সেই মোতাবেক করণীয় ঠিক করা হবে।
৯ আগস্ট কুমিল্লা নগরের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকাকেন্দ্রে টিকা দেওয়া নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে টিকাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এরপর কাউন্সিলর নাদিয়া নাসরিন করোনা টিকা নিজ কার্যালয়ে নিয়ে যান। সেখানে তিনি নিজেই তাঁর অনুসারীদের করোনা টিকা পুশ করেন। গত বৃহস্পতিবার এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে শুক্রবার প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় ‘কার্যালয়ে ডেকে নিয়ে ১০০ জনকে টিকা দিলেন কাউন্সিলর’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। মন্ত্রণালয়ের নির্দেশে জেলা সিভিল সার্জন কার্যালয় তদন্ত কমিটি গঠন করে।