বিশ্ব পরিবেশ দিবসে খালের দূষিত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে দূষণের প্রতিবাদ জানায় পরিবেশবাদী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি লবলংয়ে
বিশ্ব পরিবেশ দিবসে খালের দূষিত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে দূষণের প্রতিবাদ জানায় পরিবেশবাদী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি লবলংয়ে

কাগজের নৌকা ভাসিয়ে দূষণের প্রতিবাদ

গাজীপুরের শ্রীপুরে দুটি খালের বিষাক্ত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে দূষণের প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি কয়েকটি এলাকায় বর্জ্যের স্তূপের সামনে দাঁড়িয়ে পরিবেশদূষণের মৌন প্রতিবাদ জানানো হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার এমন ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেন নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সদস্যরা।

শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় লবলং খালের বর্জ্যমিশ্রিত পানিতে রোববার বেলা ১১টায় কাগজের নৌকা ভাসানো হয়। এরপর দুপুর ১২টার দিকে কাগজের নৌকা ভাসানো হয় দোখলা খালের মাদখলা এলাকার শিল্পবর্জ্য ও শহুরে বর্জ্যমিশ্রিত কালো কুচকুচে পানিতে। এতে যোগ দেন আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বেলা একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুক্তিযোদ্ধা কলেজের সামনে বর্জ্যের স্তুপের পাশে দাঁড়িয়ে পরিবেশদূষণের প্রতিবাদ জানানো হয়। এ সময় সেখানে যুক্ত হন কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টা পর্যন্ত শ্রীপুরের সবচেয়ে বেশি দূষণের শিকার এমন ১০টি পয়েন্টে প্রতীবাদী মৌন অবস্থান দেখা যায়।

নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, দূষিত পানিতে নৌকা ভাসানোর মাধ্যমে তাঁরা পরিবেশ দূষণের ধ্বংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়েছেন। শুধু খাল-বিল, নদী-নালার পানি নয়, শিল্প ও শহরের বর্জ্যগুলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে যাঁরা যেভাবে ইচ্ছা ফেলছেন। এতে সড়কটিতে চলাচলকারী লোকজনকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে। তীব্র স্বাস্থ্যঝুঁকিতে আছেন আশপাশের লোকজন।

সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, শিল্পবর্জ্য সরাসরি নদী–নালা, খাল-বিলের পানিতে মিশে যাচ্ছে। এতে শ্রীপুরের প্রায় সব খাল ও নদীর কিছু অংশ মারাত্মক দূষণের কবলে পড়েছে। পরিবেশ বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। দূষিত বিষাক্ত কুচকুচে পানিতে কাগজের নৌকা ভাসিয়ে নীরব প্রতিবাদ জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক মইনুল হক বলেন, ‘পরিবেশের সুরক্ষায় সবার সমন্বিত অংশগ্রহণ দরকার। আমরা নিয়মিত দূষণের বিষয়গুলো মনিটরিং করব। এ ছাড়া শিল্পকারখানাগুলোকে তাঁদের ইটিপি বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি পরিবেশ দূষণ যথাসম্ভব কমিয়ে আনার জন্য।’