ধান বোনা থেকে শুরু করে ঘরে ফসল তোলা পর্যন্ত সব ধরনের কৃষিকাজই করেন নারীরা। তারপরও মজুরিতে তাঁরা বৈষম্যের শিকার। এই মজুরিবৈষম্য মোকাবিলায় দল বেঁধে চুক্তিতে কাজ শুরু করেছেন ঠাকুরগাঁওয়ের নারী কৃষিশ্রমিকেরা। যে মজুরি পাচ্ছেন, নিজেদের মধ্যে সমান ভাগ করে নিচ্ছেন। তাতে দিন শেষে আয় হচ্ছে আগের চেয়ে অনেক বেশি। সরেজমিন দেখে এলেন মজিবর রহমান খান
ঘড়ির কাঁটা বেলা দেড়টার ঘর ছুঁয়েছে। মাথার ওপর তখন তেজোদ্দীপ্ত সূর্য। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পল্লী বিদ্যুৎ থেকে আখানগর সড়কের পাশেই চোখে পড়ল গমখেতে একদল নারী শ্রমিকের ব্যস্ততা। তাঁদের সঙ্গে কোনো পুরুষ শ্রমিককে দেখা গেল না।
গম কাটতে ব্যস্ত ভালো রানী (৪৩) জানান, এলাকায় কৃষিকাজে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ বেশি। রোপণ থেকে মাড়াই—সব কাজ করেন নারীরা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করেন। এরপরও প্রায়ই তাঁরা পুরুষের তুলনায় কম মজুরি পান। এই গম কাটার সময় একজন পুরুষ শ্রমিক যেখানে দৈনিক ৪০০ টাকা পান, সেখানে একজন নারী পাচ্ছেন ৩০০ টাকা। ভালো রানী বলেন, ‘মহাজনেরা কহে পুরুষের মতো হামরা নাকি সব কাজ করিবা পারু না। ওইতানে হামার হাজিরা কম। একদিন হামরা বুদ্ধি করিয়া দল বাঁধিনু। সেই থাকিয়া হামরা চুক্তা কাজ ধরু। কাজ শেষে যে টাকা পাও, সবাই ভাগ করে নেও।’
এই খেতের গম কাটতে কত চুক্তি নিয়েছেন? এ প্রশ্নের উত্তরে চিলারং গ্রামের বাসিন্দা জয়ন্তী রানী (৪১) বলেন, ‘এইঠে দুই বিঘা জমি ছে। গম কাটিয়া মহাজনের বাড়ি পৌঁছায় দেওয়া পর্যন্ত হামার সাথত চার হাজার টাকা চুক্তি হইচে। এই টাকা হামরা সাতজনে ভাগ করে নিমো।’
জয়ন্তীর কথা কেড়ে নিয়ে সুমিত্রা রায় (৩৯) বলেন, ‘হামরা সাতজনে এক দিনতেই দুই বিঘা জমির গম কাটিবা পারু। দিন শেষত হামরা প্রতিজন পাছু ৫৭০ টাকার মতো। আর হাজিরা খাটিলে পানু ৩০০ টাকা করিয়া।’
অসুস্থতার কারণে বছর দশেক আগে যশোদা রানীকে (৪৪) ছেড়ে যান তাঁর স্বামী সদানন্দ রায়। এখন কৃষিমজুরি করে চলে তাঁর জীবন। যশোদা রানীও নারীদের ওই দলে যোগ দিয়েছেন। যশোদা বলেন, ‘শরীরের সমস্যারতানে অন্যদের চেয়ে কিছুটা কম কাজ করিবা পারু। কিন্তি দিন শেষত ওমরা (দলের অন্য সদস্যরা) হামাক সমান টাকা দেছে।’ কথাটি শুনে মিনু ঘোষ (৪১) বলেন, ‘তাতে কী হইল, হামরাতো দল বাঁধিছু। দলের সবার ভালো-মন্দ সবাক দেখিবা হবেনি?’
কিছু দূরের রহিমানপুর গ্রামেও তখন চলছে গম ঘরে তোলার কর্মযজ্ঞ। খেত থেকে গম কাটার পর মাথায় বোঝা নিয়ে জমির মালিকের বাড়ি যাচ্ছিলেন তিন নারী শ্রমিক। তাঁদের মধ্যে একজন দুর্গা রানী (৪৮)। সে সময় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আগতে হামরা পুরুষলার সাতত কাজ করছিনু। এলা আলাদা দল করছু। যা পাও, তা হামরা ভাগ করে নেও। দল বাঁধিয়াই হামারলার সুখ হইছে।’
রহিমানপুর গ্রামের বাসিন্দা দবিরুল ইসলাম (৬২) বলেন, এলাকায় নারী শ্রমিকেরা পুরুষদের তুলনায় কিছুটা কম মজুরি পান। এটা একটা প্রথা বলতে পারেন। কিন্তু নারীরা এখন আলাদা দল বেঁধে চুক্তিতে কাজ নিচ্ছেন। সেখানে কোনো পুরুষ শ্রমিক থাকছেন না। এতেই তাঁদের বেশি আয় হচ্ছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সামাজিক কল্যাণ সংস্থার পরিচালক আম্বিয়া খাতুন বলেন, অর্থনীতিতে নারী কৃষিশ্রমিকদের অবদান থাকলেও তাঁরা অনেক ক্ষেত্রে মজুরিবৈষম্যসহ আরও নানা ধরনের নিপীড়নের শিকার হন। সেই মজুরিবৈষম্য রোধে আলাদা দল বেঁধে নারী কৃষিশ্রমিকদের কাজ করার ভাবনাটি তাঁদের জীবনমান পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আবু হোসেন বলেন, ‘কৃষিকাজের বীজ বপন থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত ৬০ শতাংশ কাজের সঙ্গে নারীদের সম্পৃক্ততা রয়েছে। দীর্ঘদিন নারী কৃষিশ্রমিকেরা পুরুষদের তুলনায় কিছুটা কম মজুরি পান। এমন উদ্যোগে নারী শ্রমিকেরা লাভবান হবে বলে মনে করি।’