
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানে অপর একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টায় উপজেলার বড় কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পেছনের কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী। তবে প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড় কমলদহ এলাকায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির আরেকটি কাভার্ড ভ্যান। এতে পেছনের কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।