আড়াইহাজারে কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু নিহত

একমাত্র মেয়ে ইচ্ছে বর্ধনকে হারিয়ে বাবা সুজন বর্ধন এখন পাগলপ্রায়। নিহত মেয়ের জামায় বারবার চুমু খাচ্ছেন তিনি
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আশ্রমে যাওয়ার পথে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের লেঙ্গুরদী এ এম বদরুজ্জামান উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুজন বর্ধনের মেয়ে ইচ্ছে বর্ধণ (৭) ও সুজনের ভাই সুমন বর্ধনের মেয়ে মিষ্টি বর্ধণ (৫)। এ ঘটনায় সুমন বর্ধন ও তাঁর বাবা কার্তিক বর্ধণ গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মিষ্টি ও ইচ্ছেকে নিয়ে সুমন ও কার্তিক একই মোটরসাইকেলযোগে মনোহরদী গ্রাম থেকে সোনারগাঁয়ের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে যাচ্ছিলেন। লেঙ্গুরদী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইচ্ছে বর্ধণের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন সুমন, কার্তিক ও মিষ্টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ময়নাতদন্ত ছাড়াই নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্বজনেরা আবেদন করেছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দুপুর ১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।