কারাদণ্ডের পর সখীপুরে চেক জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক বরখাস্ত

টাঙ্গাইল জেলার মানচিত্র
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চেক জালিয়াতি মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ বলেন, আদালতের আদেশে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলকে চলতি দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ইব্রাহীম খলিল উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ২০২০ সালে এক ব্যক্তি ৪ লাখ ৪০ হাজার টাকার ব্যাংক চেক জালিয়াতির অভিযোগে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। চলতি মাসে ওই মামলায় রায়ে ইব্রাহীম খলিলকে তিন মাসের সাজা দেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ দিনের মধ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে ওই টাকা পরিশোধ করা হবে বলেও আদালত আদেশ দেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীম খলিলকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গান্ধীনাপাড়া এলাকা থেকে গত রোববার গ্রেপ্তার করা হয়। সেদিন বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।