
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট রেলসেতু সংস্কারের জন্য আট ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হবে। আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর বিভিন্ন অংশে সংস্কারকাজ পরিচালনা করবে রেলওয়ের প্রকৌশল বিভাগ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশলী (সেতু) মো. আবরার হোসেন প্রথম আলোকে বলেন, কালুরঘাট সেতু অনেক পুরোনো। এ জন্য নিয়মিত সংস্কার করা লাগে। এর অংশ হিসেবে আজ রাতে আবার সংস্কারকাজ করা হবে। তবে তা তেমন বড় কোনো সংস্কারকাজ না।
কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট রেলসেতুটি নির্মাণের প্রয়োজন দেখা দেয় ১৯১৪ সালে। সে সময় ব্রিটিশরা বার্মায় সৈন্য আনা-নেওয়ার কাজে এটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। যদিও পরে দোহাজারী পর্যন্ত গিয়ে শেষ হয় এই রেললাইন। ১৯৩০ সালে সেতুর নির্মাণকাজ শেষ হয়। সেতুটিতে রেলের পাশাপাশি যানবাহন চলাচল করছে ১৯৫৮ সাল থেকে। এই এক সেতু দিয়ে যান চলাচল, হেঁটে পারাপার এবং রেল চলাচল করে থাকে। বর্তমানে সেতুটির ওপর দিয়ে দুটি ট্রেন চলাচল করে। সেতুর জরাজীর্ণ অবস্থার কারণে ট্রেনের গতি থাকে ১০ কিলোমিটার।
৬৩৮ মিটার দীর্ঘ এই সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি সংস্কার করেছিল রেলওয়ে। কিন্তু এরপরও সেতুটির অবস্থা জরাজীর্ণ। এই অবস্থায় সেতুটির ওপর দিয়ে ট্রেনের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়াগামী গাড়িও চলাচল করে। ট্রেন চলাচল করলে গাড়ি চলাচল বন্ধ থাকে। একমুখী যান চলাচলের কারণে সব সময় যানজট লেগে থাকে। যাত্রী ও চালকদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে কালুরঘাটে নতুন সেতুর দাবি জানিয়ে আসছেন। রেলওয়ে নতুন সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সেতুর বড় ধরনের সংস্কারের পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন