কাশিয়ানীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদিউজ্জামান শিকদারের ছেলে রুমন শিকদার (১৪) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আতিক হোসেন মোল্লা (১৬)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাসুদ রায়হান বলেন, রুমন ও আতিক একটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে নড়াইল যাচ্ছিল। মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব ১১-৩৪০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে আতিক মারা যান। স্থানী লোকজন গুরুতর আহত অবস্থায় চালক রুমনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরে গোপালগঞ্জে পুলিশ লাইনস এলাকা থেকে বাসটিকে আটক করে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।