
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৪০ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে ওই কিশোরদের আটক করা হয়। পরে অবশ্য মুচলেকা নিয়ে সবাইকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, সম্প্রতি কিশোরদের নানা অপতৎপরতাসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা পুলিশের নজরে এসেছে। এ অবস্থায় কিশোর অপরাধীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। জেলা শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৪০ জনকে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।
ওসি আবদুর রশিদ বলেন, নিয়মিত অভিযান হিসেবে রোববার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই অভিযান চালানো হয়। পরে আটক হওয়া কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়েছিল। মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।