
বরিশালে কীর্তনখোলা নদীতে বেড়াতে গিয়ে শুক্রবার বিকেলে ট্রলার থেকে ফাহাদ হাসান নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী ছিল।
ফাহাদ হাসান (১৭) বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হোসেনের ছেলে। এ বছর বরিশাল জিলা স্কুল থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
শুক্রবার বিকেল ৫টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর ফাহাদ হাসানকে উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন বলে জানান কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক।
ফজলুল হক বলেন, ‘৫টা ১৫ মিনিটের দিকে ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে পুরো বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ছাত্রকে খুঁজতে নদীতে অভিযান চালাচ্ছেন।’
ফাহাদের সঙ্গে ভ্রমণে বের হওয়া তার বন্ধু ইকবাল মাহামুদ বলে, ‘খেয়াঘাট থেকে আমরা ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য একটি ট্রলার ভাড়া করে রওনা দিই। ঘাট ছেড়ে মাঝনদীতে আসার পর হঠাৎ করে ফাহাদ মাথা ঘুরে নদীতে পড়ে যায়। তখনই আমরা ৯৯৯ নম্বরে কল করি। এর কিছুক্ষণ পর প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযানে নামে।’
এর আগে গত বছরের ২ নভেম্বর ট্রলারে চেপে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয় দ্বীপ ঘোষ নামের (১৬) এক কিশোর। এর দুদিন পর তার লাশ পাওয়া যায়।