
দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি একটি ভার্চ্যুয়াল আলোচনা সভা হয়। এতে বক্তারা জাতীয় কবির কুমিল্লায় আগমনের ১০০ বছর পালন করার তাগিদ দেন।
আয়োজকেরা জানিয়েছেন, শুক্রবার সকাল নয়টায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ ও কুমিল্লার বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এদিকে রাত আটটায় কুমিল্লায় নজরুল স্মরণে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউট কেন্দ্র ঢাকার নির্বাহী পরিচালক জাকির হোসেন ও পুলিশ সুপার ফারুক আহমেদ। আলোচনা করেন নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক।
আনোয়ারুল হক বলেন, কুমিল্লায় কবির আগমনের ১০০ বছর নিয়ে বড় ধরনের অনুষ্ঠান করতে হবে। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত কুমিল্লা ও মুরাদনগরের স্মৃতিফলক সংরক্ষণ ও এই অঞ্চলে রচিত গান ও কবিতা নিয়ে গবেষণা বাড়াতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ।
১৯২১ থেকে ১৯২৪ সাল পর্যন্ত কবি নজরুল পাঁচ দফায় কুমিল্লায় ১১ মাস অবস্থান করেন। ওই সময়ে তিনি কুমিল্লায় অর্ধশতাধিক গান ও কবিতা লেখেন। ‘আনন্দময়ীর আগমন’ কবিতার জন্য তিনি কুমিল্লা শহর থেকে গ্রেপ্তারও হয়েছিলেন।