
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিশেষ ধরনের মাদক ‘ঝাক্কি’ ও ঈদের আগে গরু চুরি ঠেকানোর বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলনকক্ষে এ সভা হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা, ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
সভায় উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আজিজ উল্যাহ বিশেষ ধরনের মাদক ঝাক্কির বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, তরুণেরা এই মাদকে আসক্ত হচ্ছেন বেশি। এখনই লাগাম না টানা গেলে মাদকটি ছড়িয়ে পড়বে। সভায় অন্যান্য ইউপির চেয়ারম্যানরাও তাঁদের এলাকায় এই মাদকের উপস্থিতির কথা জানান। মাদকটির বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
উপজেলার উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী বলেন, কোরবানির ঈদের আগে কুলিয়ারচরে গরু চুরির মাত্রা বেড়েছে। খামারিদের শঙ্কা দূর করতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান–সংলগ্ন এলাকায় বখাটেদের আনাগোনা বেড়ে গেছে জানিয়ে সভায় কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া বলেন, এতে অনেক শিক্ষার্থীই নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন। বখাটেদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন তিনি।