
কুষ্টিয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপি কার্যালয় বন্ধ ছিল। দুপুরের পর দুই–তিনজন নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ। তবে তাঁরা কেন্দ্র ঘোষিত কোনো বিক্ষোভ ও সমাবেশ করেননি।
বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, বিকেলে কার্যালয়ের সামনে একটি গলির ভেতর যুবদলের কয়েকজন কর্মীকে বেধড়ক পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে।
সৈয়দ মেহেদী আহম্মেদ বলেন, কুষ্টিয়া শহরের প্রবেশমুখের সাতটি পয়েন্টে পুলিশের দল রাখা হয়েছিল। যাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে না আসতে পারেন। এ ছাড়া যুবদলে কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। পুরো শহরে দুপুর থেকে ত্রাসের রাজত্ব চলে।
বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে এনএস রোডে বিএনপির কার্যালয়ের সামনে থানাপাড়া সড়কে যুবদলের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নিয়েছেন, এমন খবর পেয়ে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। সেখানে তিন–চারজনকে বেধড়ক পেটানো হয়েছে। স্থানীয় ব্যক্তিরা তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
আহত ব্যক্তিরা হলেন খোকসা পৌরসভার কমলাপুর এলাকার আবদুর রাজ্জাকে ছেলে নাজমুল ইসলাম (৩৫), একই উপজেলার ওসমানপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে রিপন আলী (৩৫) ও দেবিনগর এলাকার নওশনের ছেলে রাকিবুল ইসলাম (৪৩)। তাঁদের মাথায় ও পিঠে জখম হয়েছে।
খবর পেয়ে সেখানে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ যায়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু মার্কেটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে চলে যান।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। থানাপাড়া গলির কাছে পৌঁছালে যুবদলের কয়েকজন নেতা-কর্মী বাজে কথা বলেন। এ সময় শোভাযাত্রার পেছনে হয়তো কিছু হয়েছে। এরপর বেশি কিছু হয়নি।’ তিনি দলীয় কার্যালয়ের দিকে চলে যান। কেউ আহত হওয়ার বিষয় তিনি অবগত নন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, অন্তত ২০ জন পুলিশ সদস্য চেয়ারে বসে আছেন। কার্যালয়ে তালা লাগানো। ভেতরে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ বসে আছেন।
কার্যালয়ের সামনের ছবি ধারণ করতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে প্রথম আলোর এই প্রতিবেদককে পুলিশ সদস্যরা বাধা দিয়ে জানান, ছবি ও ভিডিও ধারণ করা নিষেধ আছে। কোনো ছবি তোলা যাবে না। এমনকি ভিডিও করাও যাবে না। সব ছবি ও ভিডিও মুছে দেওয়ার জন্য প্রতিবেদকের ওপর চড়াও হন কয়েকজন পুলিশ সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘থানাপাড়া গলিতে সামান্য একটু হাতাহাতি হয়েছে। একজন হাসপাতালে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। আর আপনাকে হয়তো পুলিশ সদস্যরা চিনতে পারেননি। আমি বিষয়টি দেখছি। ছবি ও ভিডিও ধারণের কোনো নিষেধ নেই।’
এ বিষয়ে জানতে পুলিশ সুপার খাইরুল আলমের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি।