
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি নালায় পড়ে ছিল এক ব্যক্তির পোড়ানো লাশ। আজ বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে সেচ প্রকল্পের নালা (ক্যানেল) থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, হত্যার পর বিকৃত করতে লাশটি পোড়ানো হয়েছিল।
লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আজ সকালে মহনপুর গ্রামের জিকে ক্যানেলে লাশ ভাসছিল। স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।