বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ

কুষ্টিয়ায় সাংবাদিক গণজমায়েত থেকে মৌলবাদ প্রতিরোধের শপথ

কুষ্টিয়ায় সাংবাদিক গণজমায়েত থেকে মৌলবাদ প্রতিহতের শপথ নেওয়া হয়। আজ সোমবার বিকেলে শহরের পাঁচরাস্তার মোড়ে
প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, কুষ্টিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে; লালন, রবীন্দ্রনাথের স্মৃতি ধারণ করে; সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথের স্মৃতি ধারণ করে। ঠিক সেই জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানা হয়েছে। এটা স্বাধীনতার ওপর আঘাত। তাই সাংবাদিক সমাজ নিশ্চুপ থাকতে পারে না।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোমবার বিকেলে সাংবাদিক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান এসব কথা বলেন। শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যের সামনে এই সমাবেশের আয়োজন করে বিএফইউজে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, গোপালগঞ্জ, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

সমাবেশে উপস্থিত সাংবাদিকেরা হাত তুলে শপথ নিয়ে বলেন, ‘যত দিন পর্যন্ত এই মৌলবাদী স্বাধীনতাবিরোধীরা থাকবে, তত দিন তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব এবং রাজপথে আন্দোলন করে যাব।’

বিএফইউজের একাংশের মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ ক ম সরওয়ার জাহান, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাংবাদিক দীপ আজাদ প্রমুখ।

সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী বলেন, যখন দেশ এগিয়ে যাচ্ছে, সেই সময় এই জঙ্গীবাদী গোষ্ঠী, অশুভ শক্তি, পাকিস্তান হানাদার বাহিনীর দোসররা জাতির জনকের ভাস্কর্যের ওপর আঘাত হানছে। কুষ্টিয়া শহরে একটি ভাস্কর্যের ওপর আঘাত হানা হলো সারা বাংলাদেশে স্বাধীনতার ওপর আঘাত। সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। সাংবাদিক সমাজ কোনোভাবেই নিশ্চুপ হয়ে থাকতে পারে না।

গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী

ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশে মৌলবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যেন কোনো দিন স্বাধীন বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে। দ্বিতীয়ত, যাঁরা স্বাধীনতা মানেন না, যাঁরা জাতির জনককে মানেন না, যাঁরা সংবিধানকে মানেন না, জাতীয় পতাকা ও সংগীতকে অবমাননা করতে চান, তাঁদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই।

ভাস্কর্য ভাঙচুরকারীদের বিচারের জন্য প্রয়োজনে বিশেষ আদালত গঠনের দাবি জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, যেখানে এই মৌলবাদী শক্তি আছে, যারা জাতির জনকের ভাস্কর্যের হাত ভেঙে দেওয়ার ধৃষ্টতা দেখায়, তাদের হাত ভেঙে দিতে হবে।