কুড়িগ্রামে এক ট্রাকের চাপায় প্রাণ গেল অন্য ট্রাকচালকের সহকারীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে শহরের জিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম মিয়া (৫০) অন্য একটি ট্রাকচালকের সহকারী ছিলেন। দুর্ঘটনায় চাপা দেওয়া ট্রাকের চালকও আহত হয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়াবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চালকের সহকারী আলম মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আলম মিয়ার মৃত্যু হয়। চাপা দেওয়া ট্রাকের চালকও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ওই চালককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা–পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কুড়িগ্রাম সদর থানার ডিউটি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।