কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী ও উলিপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ফুলবাড়ী উপজেলার চর প্যাঁচাই গ্রাম ও উলিপুর উপজেলার ডারার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী চর প্যাঁচাই গ্রামের রফিকুল ইসলামের ১১ মাস বয়সী মেয়ে ফারজানা ও উলিপুর উপজেলার ডারার পাড় গ্রামের জুয়েল হাসানের ছেলে আবদুল্লাহ (৩)।

চর প্যাঁচাই গ্রামের বাসিন্দারা জানান, মৃত ফারজানার মা লাকি বেগম বিকেলে শিশুটিকে মাটিতে বসিয়ে বাড়ির পাশের বারোমাসি নদীসংলগ্ন এলাকায় বোরো ধানমাড়াই করছিলেন। এ সময় সবার অজান্তে শিশুটি নদীর পানিতে পড়ে যায়। শিশুটির মা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম মিয়া বলেন, বৃষ্টির কারণে নদীর পাড়ের ধান ডুবে যায়। রফিকুল ধান কেটে এনে নদীর পাড়ে ফাঁকা জায়গায় রাখেন। আজ বিকেলে পরিবারের সদস্যসহ শিশুর মা ধানমাড়াই করার সময় এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে শিশু আবদুল্লাহর গ্রামের বাসিন্দারা জানান, উলিপুর পৌর এলাকার ডারার পাড় গ্রামের একটি কবরস্থানের পাশে আজ দুপুরের পর ওই শিশুর মা ও দাদি তাকে মাটিতে বসিয়ে বোরো ধান শুকানোর কাজ করছিলেন। পাশে ছিল একটি খাল। ব্যস্ততার ফাঁকে শিশুটি তাঁদের অজান্তে পানিতে পড়ে ডুবে যায়। পরে এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।